দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিজারিয়ান অপারেশনের পর রাকিবা আক্তার (১৮) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল ভাঙচুর করে বিক্ষোভ করেছেন।
শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার একটি বেসরকারি প্রতিষ্ঠান আহমেদ হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত রাকিবা আক্তার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের মিজান মিয়ার মেয়ে।
পরিবারের অভিযোগ, শনিবার রাত ১২টার দিকে প্রসব ব্যথা উঠলে রাকিবাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার সময় তিনি সুস্থ ছিলেন এবং স্বাভাবিক প্রসবের জন্য অনুরোধ করা হয়েছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেয়।
পরে গাইনি চিকিৎসক ডা. সৈয়দ কামরুজ্জামান তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। অপারেশনের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম হলেও রাকিবাকে অচেতন অবস্থায় রাখা হয় বলে দাবি পরিবারের।
এক পর্যায়ে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার কথা বলা হলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা দেখতে পান, রাকিবার মৃত্যু হয়েছে।
পরিবারের দাবি, চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই রাকিবার মৃত্যু হয়েছে। ঘটনার পর রোববার সকালে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালিয়ে বিক্ষোভ করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই